জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক নিজামুল হক এ দিন ধার্য করেন।
এ মামলার ২০তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে সাক্ষী না আসায় রাষ্ট্রপক্ষে পিপি রফিকুল ইসলাম সময়ের আবেদন করলে বিচারক এ দিন ধার্য করেন।
তিনি বলেন, এ মামলার ২০তম সাক্ষী নিহত জুবায়েরের বান্ধবী। সে আসামিদের ভয়ে আদালতে সাক্ষ্য দিতে আসছে না। তার সাথে যোগাযোগ করা হলে সে এ কথা জানায়।
এদিকে আজ আদালতে ৪ আসামি উপস্থিত না থাকায় তাদের  আইনজীবী মো, ওসমান গনি সময়ের আবেদন করে। আসামিরা হলেন- অভিনন্দন কুন্ডি ওরফে অফি, নাজমুল হোসেন, মাহমুদুল হাসান ও মাজহারুল ইসলাম।
উল্লেখ্য, ২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করে ছাত্রলীগ ক্যাডাররা। পরদিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র শফিউল আলম সেতু এবং অভিনন্দন কুন্ডু অফি, প্রাণীবিজ্ঞান বিভাগের আশিকুল ইসলাম আশিক, খান মোহাম্মদ রিয়াজ ও জাহিদ হাসান, দর্শন বিভাগের কামরুজ্জামান সোহাগ, ইশতিয়াক মেহবুব অরুপ এবং রাশেদুল ইসলাম রাজু, সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম, ইতিহাস বিভাগের মাহমুদুল হাসান এবং মাজহারুল ইসলাম, অণুজীব বিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব তপু এবং লোক প্রশাসন বিভাগের নাজমুল হাসান প্লাবন। এরা সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার নেতাকর্মী।[b]
ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]