ঘুষ লেনদেনের মামলায় ডিআইজি মিজানুর রহমানের পর এবার দুর্নীতি দমন কমিশনের পরিচালক খন্দকার এনামুল বাছিরও গ্রেফতার হয়েছেন।

সোমবার (২২ জুলাই) রাতে ঢাকার দারুস সালাম এলাকা থেকে বাছিরকে গ্রেফতার করে শেখ মো. ফানাফিল্যা নেতৃত্বাধীন দুদকের এই সংক্রান্ত তদন্ত দল।  

তিনি বলেন, গ্রেফতারের পর এনামুল বাছিরকে রমনা থানায় নেওয়া হয়েছে।

এই মামলায় একদিন আগেই পুলিশ কর্মকর্তা মিজানকে গ্রেফতার দেখায় দুদক। তিনি অবৈধ সম্পদ অর্জনের মামলায় আগে থেকে কারাগারে রয়েছেন।

ডিআইজি মিজানের সঙ্গে ঘুষ লেনদেনের অভিযোগের তদন্ত শুরুর পর দুদক থেকে বরখাস্ত হন এনামুল বাছির। এরপর তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

ডিআইজি মিজানের সম্পদ অনুসন্ধানে গিয়ে তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এখন নিজের সংস্থার কর্মকর্তাদের হাতে গ্রেফতার হতে হল বাছিরকে।

উল্লেখ্য, মিজানুর রহমান ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বিয়ে গোপন করতে নিজের ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীকে গ্রেফতার করানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এছাড়া এক সংবাদ পাঠিকাকে প্রাণনাশের হুমকি ও উত্ত্যক্ত করার অভিযোগে মিজানুরের বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) হয়। নারী নির্যাতনের অভিযোগে গত বছরের জানুয়ারির শুরুর দিকে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।

দুদক কর্মকর্তার সঙ্গে ঘুষ লেনদেনের বিষয়টি সামনে আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিজানকে সাময়িক বরখাস্তের একটি প্রস্তাব রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়। পরে ২৫ জুন মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করার প্রস্তাবে অনুমোদন দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

অন্যদিকে, মিজানের ঘুষ লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন। কমিটির প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। যদিও নারী নির্যাতন, ঘুষ প্রদান, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অপকর্মের অভিযোগে দুই বছর ধরে মিজানুরের নাম আলোচনায় এলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি।

২৪ জুন ৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে মিজানুরের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় মিজানুর রহমান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগনে পুলিশের কোতোয়ালি থানার এসআই মো. মাহমুদুল হাসানকে আসামি করা হয়।

এমবি