রাজধানীর চকবাজারের ইসলামবাগে মনি (১০) নামের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজন কে আটক করেছে চকবাজার থানা পুলিশ।
মনির পিতার নাম চান মিয়া। তারা পশ্চিম ইসলামবাগ এলাকায় সৃজন মিয়ার বাড়িতে ভাড়া থাকে।
শনিবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) পিন্টু কুমার চৌধুরী। তিনি জানান, শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পরিবারের বরাত দিয়ে এসআই পিন্টু কুমার জানান, মনি রাতে ঘর থেকে বের হলে ওঁত পেতে থাকা কোনো দুর্বৃত্ত তাকে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করে ফেলে গেছে। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
তিনি আরো জানান, ময়নাতদন্তের আগে মনির মৃত্যুর বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
জেইউ/ইআর





