প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে শ্লোগান দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গণজাগরণ মঞ্চের (একাংশ) মুখপাত্র ইমরান এইচ সরকার ও তার সহযোগী সনাতন উল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছাবিদুল ইসলাম এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
জামিনের শর্ত ভঙ্গ করায় আদালত তাদের বিরুদ্ধে এ আদেশ দেন।একই সঙ্গে আদালত আগামী ২৬ অক্টোবর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করেন।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে ৩১ মে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোলাম রব্বানী।
মামলার অপর আসামি গণজাগরণ মঞ্চের মিছিলে নেতৃত্ব দেওয়া সনাতন উল্লাসের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বিচারিক আদালতে মামলার স্থানান্তর হওয়ার পর এটিই ছিল ইমরান এইচ সরকারের প্রথম তারিখ। কিন্তু বুধবার তিনি আদালতে হাজির না হওয়ায় ও কোনো পদক্ষেপ না নেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, মিছিলে 'ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না, বাংলাদেশ হারেনি, হেরে গেছে হাসিনা' স্লোগান দেওয়া হয়।
মিছিলে এমন স্লোগান দেওয়া বাদীর মানহানি হয়েছে দাবি করে দণ্ডবিধির ৫০০ ধারায় এ মামলা করা হয়।
এমবি





