বেধে দেওয়া সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় চট্টগ্রাম রেঞ্জের পুলিশ পরিদর্শক সেলিম আহমেদ ও তার স্ত্রী পুস্প সৌরভীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর রমনা থানায় এ দু’জনের বিরুদ্ধে পৃথকভাবে মামলা দায়ের করা হয় বলে দুদক সূত্রে জানা যায়।

সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে এসব মামলা দায়ের করেন।

মামলার বাদী সিরাজুল হক জানান, পুলিশ পরিদর্শক সেলিম আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিস দেওয়ার পরও নির্ধারিত সময়ে কমিশনে দাখিল না করায় তাদের বিরুদ্ধে ২৩ আগস্ট (মঙ্গলবার) পৃথক দু’টি নন-সাবমিশন মামলা দায়ের করা হয়েছে।

চলতি বছরের শুরুতে তাদের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় এবং অনুসন্ধানে পুলিশ পরিদর্শক সেলিম আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের খোঁজ পাওয়া যায়।

তিনি জানান, আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় মামলা দু’টি দায়ের করা হয়।

এম এ