একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের ৮ রাজাকারের বিরুদ্ধে আগামী ১৩ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
আদালতে আসামিদের পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম । অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন তাপস কান্তি বল।
ওই দিন আসামী শামসুল হকের জামিনের ব্যাপারে শুনানীর জন্যও দিন ধার্য করেছেন আদালত।
৮ রাজাকার হলেন- জামালপুর শহরের নয়াপাড়া এলাকার অ্যাডভোকেট শামছুল হক (৭৫), সিহংজানি বালক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শহরের ফুলবাড়িয়া এলাকার অধিবাসী এস এম ইউসুফ আলী (৮২), মো. আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারি, হারুন, মো. আবুল কাসেম।
অ্যাডভোকেট শামছুল হক ও এস এম ইউসুফ আলীকে এরইমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার সকাল ১১টায় ধানমণ্ডির সেফহোমে এক সংবাদ সম্মেলনে এদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান।
৯২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে আট জনের বিরুদ্ধে হত্যা, লাশ গুম, লুটপাট, নির্যাতন ও অপহরণসহ ১০ ধরনের অপরাধের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ১৯৬ পাতার দালিলিক প্রমাণ এবং ৪০ জনকে সাক্ষী করা হয়েছে।
মুক্তিযুদ্ধে জামালপুরে মানবতাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে এই আট জনেরই বিশেষ সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে তদন্ত সংস্থা জানিয়েছে।
এআর





