রাজধানীর ইডেন মহিলা কলেজের হোস্টেলে অভিযানে চালিয়ে ইসলামী ‍ছাত্রী সংস্থার সাথে জড়িত সন্দেহে আটক সেই পাঁচ ছাত্রীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যপদ সিকদার এ রিমান্ড মঞ্জুর করেন।

ওই ছাত্রীরা হলেন- রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের সাদিয়া আফরিন ওরফে সীমা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের মোসা. উম্মে ছালমা ঝুমা, ইসলামিক শিক্ষার দ্বিতীয় বর্ষের ফৌজি আক্তার, নাসরিন সুলতানা এবং মাকসুদা খাতুন।

মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক শওকত আকবর মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতে হাজির করে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আটককৃত এই পাঁচ শিক্ষার্থী শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের সংগঠনের সঙ্গে কে বা কারা জড়িত, তাদের আর্থিক জোগানদাতা কে বা কারা, সংগঠনের বই লিফলেট উদ্ধার, তাদের পরবর্তী কর্মকাণ্ড সম্পর্কে জানা এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। শুনানি শেষে আদালত তাদের রিমান্ডের এ আদেশ দেন।

গত রবিবার দিবাগত রাতে কলেজ কর্তৃপক্ষ ইসলামী ছাত্রী সংস্থার কর্মী সন্দেহে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অভিযান চালিয়ে প্রথমে দুই ছাত্রীকে আটক করে। পরে আরো তিনজনকে আটক করা হয়।

তবে তারা কেউই শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নন বলে কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি করেন। এ সময় তাদের কাছ থেকে কিছু ইসলামী বই জব্দ করা হয়।

এমআইএস