বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ জোটের ১৪৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানার মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
বুধবার মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু সাক্ষী না আসায় ঢাকা মহানগর হাকিম মো. তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া পরবর্তী এ দিন ধার্য করে আদেশ দেন।
মামলার আসামিরা হলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, মো. শাহজাহান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, অ্যাডভোকেট আবেদ রেজাসহ ১৪৭ নেতাকর্মী।
জয়নুল আবদীন ফারুক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধানসহ ৪৫ জন আসামি আজ আদালতে হাজির ছিলেন। রুহুল কবির রিজভী কারাগারে অসুস্থ থাকায় তাকে হাজির করা হয়নি।
জানা যায়, ২০১৩ সালের ১১ মার্চ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন পল্টন থানার এসআই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে ১৫৪ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
২০১৪ সালের ২৪ মার্চ পল্টন থানার এসআই মাহমুদুল হাসান ১৪৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ওমর ফারুক নামক এক আসামির মৃত্যু হওয়ায় বর্তমানে আসামির সংখ্যা ১৪৭ জন।
২০১৪ সালের ২৫ আগস্ট বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
এআর





