মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অপরাধে ৪ জনকে আটক করেছে পুলিশ।
রোববার উপজেলার ভরগাও এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন-সুমন আহমদ (২৮), ইমন মিয়া (২৬), হাসান আহমদ (৩০) ও বাছিত মিয়া (২৫)। তারা সবাই রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই গ্রুপের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
রোববার সকালে রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই ) নুরুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গত শনিবার বিকালে রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আছকির খান কর্মী-সমর্থকদের নিয়ে সমাজকল্যাণ মন্ত্রীর পক্ষে মিছিল বের করেন।
এসময় আওয়ামী লীগ নেতা মিছবাহুদ্দোজা ভেলাই গ্রুপের কর্মীরা ওই মিছিলে হামলা চালান।
এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল ও শটগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





