হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ একজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তারকৃত প্রবীর সরকার(২৮) ইউনাইটেড এয়ারলাইন্সের নিরাপত্তাকর্মী।
এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন শিমুল জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে যাত্রীদের লাগেজ থেকে পণ্য চুরি করে পালিয়ে যাচ্ছিলেন প্রবীর।
এ সময় বিমানবন্দরের গ্রিন চ্যানেলের সামনে থেকে তাকে গ্রেফতার করে আর্মড পুলিশ।
তিনি জানান, বিমানের লস্ট অ্যান্ড ফাউন্ডে রক্ষিত যাত্রীদের লাগেজ কেটে চারটি মোবাইল, তিনটি বিদেশী টর্চ লাইট, একটি চুল কাটার মেশিন, চার্জার, হেডফোনসহ অন্যান্য মালামাল প্রবীর থেকে উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/ এআর





