হবিগঞ্জ থেকে অপহৃত সাত শিশুকে অপহরণের দুই ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। এসময় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।
শনিবার বিকালে ৫টার দিকে বিজয়নগর উপজেলার এখতিয়ারপুর গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়।
এর আগে, শনিবার বিকেল ৩টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গোপালপুর গ্রাম থেকে ওই সাত শিশুকে অপহরণের ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া শিশুরা হলো- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গোপালপুর গ্রামের ধন মিয়ার ছেলে শাহীন (৭), একই গ্রামের মানিক মিয়ার ছেলে লোকমান (৬), রফিক মিয়ার ছেলে রাকিব মিয়া (৮), বশির মিয়ার ছেলে হানিফ মিয়া (৮), নিলু মিয়ার ছেলে রকিবুল (৮), তাহের মিয়ার ছেলে হৃদয় (৯) ও একই উপজেলার হোসেনপুর গ্রামের কামাল মিয়ার ছেলে মুস্তাকিম (৮)
তাদের সবার বাড়ি মাধবপুর উপজেলার গোপালপুর গ্রামে। তারা স্থানীয় গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ছাত্র।
আটক অপহরণকারীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মস্তু মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩২) ও একই জেলার নাসিরনগর উপজেলার বলানগর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে মানিক মিয়া (৩০)। মানিক বর্তমানে একই জেলার সরাইল উপজেলার রসুলপুর গ্রামে বাস করেন।
স্থানীয়রা ও মাধবপুর থানা পুলিশ জানায়, শনিবার বিকালে মাধবপুর উপজেলার গোপালপুর গ্রামের সাত শিশু গ্রামের পাশের একটি বটগাছের নিচে খেলা করছিল।
এসময় অপহরণকারীরা শিশুদের প্রত্যেককে দুইশ টাকা করে দেওয়ার লোভ দেখিয়ে গ্রামের পাশের খাল পার করিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার এখতিয়ার গ্রামের কাছে নিয়ে যায়।
একপর্যায়ে অপহরণকারীরা শিশুদের সিএনজি চালিত দুটি অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে শিশুরা চিৎকার শুরু করে। এসময় স্থানীয় লোকজন অপহৃত শিশুদের উদ্ধার করে। ঘটনাস্থল থেকে অপহরণকারী দুই জনকে আটক করে স্থানীয়রা।
স্থানীয়রা বিষয়টি বিজয়নগর থানা পুলিশকে জানালে তারা মাধবপুর থানা পুলিশকে ঘটনাটি অবহিত করে। পরে খবর পেয়ে সন্ধ্যায় মাধবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ূন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে অপহৃত শিশুদের উদ্ধার করে এবং দুই অপহরণকারীকে আটক করে মাধবপুর থানায় নিয়ে আসে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসিত বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





