জনস্বার্থে করা এক মামলায় শিল্পপতি রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।
সিলেট নগরের শাহজালাল উপশহরের বাসিন্দা গিয়াসউদ্দিন তালুকদার জনস্বার্থে মামলাটি করেন।
সিলেটের তারাপুর চা-বাগান জালিয়াতির মাধ্যমে দখল ও আত্মসাতের অভিযোগে করা দুটি মামলায় আগেই রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই পরিবারের সদস্যদের নিয়ে ভারতে পালিয়ে যান রাগীব আলী।
মামলার বাদীপক্ষের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী সমন জারির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, রাগীব আলী ও আবদুল হাইকে মামলার পরবর্তী তারিখ আগামী ৯ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, সিলেট থেকে প্রকাশিত সিলেটের ডাক-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি হচ্ছেন রাগীব আলী। ছেলে আবদুল হাই ওই পত্রিকার সম্পাদক। তারাপুর চা-বাগান দখল ও আত্মাসাৎ মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির সংবাদ জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে গুরুত্ব দিয়ে প্রকাশিত হলেও রাগীব-হাইয়ের মালিকানাধীন পত্রিকায় কোনো সংবাদ প্রকাশিত হয়নি। এতে করে সিলেটের ডাক-এর পাঠক বঞ্চিত হয়েছেন।
১০ আগস্ট সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে তারাপুর চা-বাগান দখল ও প্রতারণামূলকভাবে সরকারের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলায় রাগীব আলী ও আবদুল হাইসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ওই দিন সন্ধ্যায় রাগীব আলী ছেলেকে নিয়ে সিলেটের জকিগঞ্জ হয়ে ভারতের করিমগঞ্জ পালিয়ে যান। আদালতে ওই দুটি মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য রয়েছে ১৯ সেপ্টেম্বর।
এসএ





