প্রশান্ত কুমার (পিকে) হালদারের বান্ধবী নাহিদা রুনাইসহ তিনজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডকৃত অপর দুই আসামি হলেন- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের সাবেক ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী।
মঙ্গলবার (১৬ মার্চ) তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের রিমান্ডে নিতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুদকের উপ-পরিচালক মো: গুলশান আনোয়ারের নেতৃত্বে দুদকের টিম তাদের গ্রেফতার করে।
জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।
উল্লেখ্য, আত্মীয়স্বজন ও বন্ধুসহ সিন্ডিকেটের সহায়তায় কয়েকটি লিজিং কোম্পানি থেকে অন্তত ১০ হাজার ২০০ কোটি টাকা সরিয়ে প্রশান্ত কুমার (পি কে) হালদার দেশ থেকে সটকে পড়েন। এই অর্থের বড় একটি অংশ কানাডা, ভারত ও সিঙ্গাপুর পাচার করেন।
এমবি





