হুমায়ূন আহমেদের এইসব দিনরাত্রির ‘টুনিখ্যাত' নায়ার সুলতানা লোপা আত্মহত্যা করেনি আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। পরকীয়ার জেরে মাদকাসক্ত স্বামী আলী আমিন শ্বাসরোধ করে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল বলে দাবি করেছেন মা রাজিয়া সুলতানা।
শুক্রবার সকালে ক্রাইম রিপোর্টার্স এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন।
লোপার মা বলেন, ‘তাকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে আত্মহত্যা করেছে। প্রভাব খাটিয়ে ময়নাতদন্ত রিপোর্টটিও বদলে দিয়েছে। আমাদের আবেদনের প্রেক্ষিতে আদালত পুনরায় ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছে।’
মেয়ে হত্যার ন্যায় বিচার চেয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছেও আবেদন জানান। তিনি বলেন, ‘আমি একজন নারী ও মা। দেশের প্রধানমন্ত্রীও একজন নারী ও মা। আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি মেয়ে হত্যার ন্যায় বিচার যেন পাই।’
লোপাকে বিভিন্ন সময় তার স্বামী ও তার পরিবার মানসিক নির্যাতন করেছে দাবি করে তিনি বলেন, ‘লোপার স্বামীর সঙ্গে অনেক নারীর সম্পর্কও ছিল। তাই সে লোপাকে মেনে নিতে পারছিল না। ঘটনার দিনও লোপার শ্বাশুড়ীর সঙ্গে ঝগড়া হয়। এই ঘটনাকে পুঁজি করে সে লোপাকে হত্যা করে।’
পরিকল্পিতভাবে এই হত্যা করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘হত্যার আগেই আলী আমিন বাচ্চাদের বলেছিল তাদের মা আত্মহত্যা করবে। তাদের মা না থাকলে তারা ভালো থাকবে।’
তিনি বলেন, ‘২০০০ সালে আলীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই লোপার ওপর নানা শারীরিক ও মানসিক নির্যাতন করতো তার শ্বশুড় বাড়ির লোকজন। তার উপর স্বামী ছিল মাদকাসক্ত। এরই মধ্যে সে দুই সন্তানের জননী হওয়ায় সংসার ছেড়ে আর বেরিয়ে আসতে পারেনি।’
আলী আমিন মাদকাসক্ত বিয়ের আগেই জেনেছিলেন দাবি করে লোপার মা বলেন, ‘গায়ের হলুদের আগের দিনই বিষয়টি জানি। কিন্তু সময় স্বল্পতার কারণে বিষয়টি যাচাই করার সুযোগ হয়ে উঠেনি।’
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর রাজধানীর গুলশানে তার শ্বশুরবাড়ি থেকে লোপার ঝুলন্ত লাশ উদ্ধারের পর থেকেই হত্যার অভিযোগ তোলেন তার মা রাজিয়া সুলতানা। লোপার স্বামী আলী আমিনের বিরুদ্ধে মামলাও করেন তিনি।
জেইউ/ এআর





