বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন সন্ত্রাসের ঘটনায় দায়ী ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনটির শুনানি হাইকোর্টের মঙ্গলবারের কার্যতালিকা থেকে বাদ গেছে।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনটি শুনানির জন্য মঙ্গলবারের কার্যতালিকায় এসেছিল। কিন্তু পরবর্তীতে তা শুনানির জন্য ওই আদালতের কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়।

পরে বিষয়টি জানান রিটকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।

তিনি বলেন, ‘আজ মঙ্গলবারের কার্যতালিকায় এ আবেদনটি শুনানির জন্য এসেছিল। কিন্তু আদালত এ আবেদনটি শুনানি করবেন না মর্মে আদালতের কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।’

উল্লেখ্য, বর্ষবরণ অনুষ্ঠানে যৌননিপীড়নের ঘটনায় দায়ী ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন ও বিচারের জন্য একটি ট্রাইব্যুনাল গঠনের নির্দেশনা চেয়ে সোমবার একটি রিট দায়ের করা হয়।

জেএ