দেশের বর্তমান অবস্থা ‘চরম ভীতিকর’ উল্লেখ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, আমরা অনেক আগেই আপত্তি তুলেছি, সাদা পোশাকে যেন কাউকে আটক করা না হয়। এখন অবস্থা যখন ভীতির পর্যায়ে চলে গেল, তখন প্রজ্ঞাপন করে সাদা পোশাকে কোনো অভিযান না চালাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে বরগুনায় মানবাধিকারকর্মী সমাবেশ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে বলেন, সর্ষের ভেতরেই ভুত রয়েছে। আগে সেই ভুতটিকে চিহ্নিত করুন। ‘চাটুকারদের’ কাছ থেকে দূরে থাকতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, আমি মনে করি, এই পরিস্থিতি থেকে উত্তরণে এই পদক্ষেপ যথেষ্ট নয়। কোনো অভিযোগে কাউকে গ্রেপ্তার বা আটক করতে হলে অবশ্যই পোশাক পরিহিত অবস্থায় এবং সংশ্লিষ্ট বাহিনীর পরিচয়পত্র (আইডি কার্ড) দেখাতে হবে। এমনকি যাঁকে গ্রেপ্তার বা আটক করা হবে অবশ্যই সেই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষী রেখে আটক করতে হবে।
এজন্য রাষ্ট্রের অতিরিক্ত বাজেট বা বরাদ্দের দরকার নেই। এটা নিশ্চিত করা হলে দেশে খুন, গুম, অপহরণের এই ভয়ানক অবস্থা অনেকাংশে কমে যাবে।
গুম-খুন নিয়ে খালেদা জিয়ার ‘রেড এলার্ট’ এবং শুধু নেতাকর্মীদের সতর্ক করে বিএনপির পরামর্শেরও সমালোচনা করেন মিজানুর।  
তিনি বলেন, আমি বিস্মিত হই যে একটি জাতীয় রাজনৈতিক দল কী করে দেশের জনগণের কথা না ভেবে শুধু নিজেদের স্বার্থে কথা ভাবে।
আরডিএফ মিলনায়তনে জেলা প্রশাসক আবদুল ওয়াহাব ভুইয়ার সভাপতিত্বে সম্মেলনে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সেলিনা হোসেন, কমিশনের সচিব এম এ সালামসহ স্থানীয় মানবাধিকারকর্মীরা এতে অংশ নেন।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]