রাজধানীতে স্বামীর ছোড়া গরম পানিতে ঝলসে স্ত্রী সারা আক্তার (২৫) মৃত্যু হয়েছে।
মৃত সারার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দেনায়েপুর গ্রামে। তার বাবার নাম সোলেমান মিয়া।
শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু ঘটে।
হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আলিমুজ্জামান সারা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সারা আক্তার জানিয়েছিলেন, রোববার সকাল ১১টার দিকে তার স্বামী ইউসুফ মোহন (৩৫) চুলা থেকে গরম পানি নিয়ে তার মুখমণ্ডলসহ শরীর ঝলসে দেয়।
তিনি জানান, তারা হাজারিবাগের এনায়েতগঞ্জের ৫৪/১ বাসার পঞ্চমতলায় ভাড়া থাকেন। ওই বাসার মালিক আসাদের সঙ্গে তার পরকীয়া চলছে এই সন্দেহে শনিবার তাদের মধ্যে ঝগড়া হয়।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছিলেন, গরম পানিতে ওই গৃহবধূর শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।
মৃতের স্বামী পলাতক রয়েছেন বলে জানিয়েছে হাজারিবাগ থানা পুলিশ।
এসএইচ





