গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা থেকে ৯৬৫ বোতল ফেন্সিডিল, মাদক বহনকারী ১টি ট্রাকসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহীর পবা থানার বাসিন্দা ফজলুর রহমানের ছেলে রবিউল ইসলাম (সুমন) (৩২) এবং একই জেলার রাজপাড়া থানার সাইফ উদ্দিনের ছেলে মোঃ সালাম হোসেন (২৬)।

বিকেল তিনটায় র‌্যাব-৪ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলেনে এসব তথ্য জানান, র‌্যাব- এর পরিচালক শাহাবুদ্দিন খান।

তিনি বলেন, শনিবার ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন বিএসসি মার্কেটের পাশে জাকারিয়া রেস্তোরা এন্ড বিরাণী হাউজের সামনে অবস্থান নেয় র‌্যাব-৪ এর সদস্যরা।

সেখানে ট্রাকে করে ফেন্সিডিল পাচার করা হচ্ছে বলে খবর আসে। পাকা রাস্তার পার্শ্বে একটি মাল বোঝাই ট্রাকে (ঝিনাইদহ-ট-১১-০০৮০) অভিযান পরিচালনা করে ৯৬৫ বোতল ফেন্সিডিল, ফেন্সিডিল বহনকারী ট্রাকসহ আসামী (১) মোঃ রবিউল ইসলাম (সুমন) (৩২) ও সালাম হোসেন (২৬) কে গ্রেফতার করা হয়।

র‌্যাব- এর পরিচালক শাহাবুদ্দিন খান বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

সাম্প্রতিককালে কিছু অসাধু মাদক ব্যবসায়ী চক্র দেশের বিভিন্ন এলাকায় যুব সমাজের মাঝে মাদক দ্রব্য ছড়িয়ে দিয়ে যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব মাদক দ্রব্য ধ্বংস করে ও মাদক ব্যবসায়ী চক্রকে আইনের আওতায় এনে মাদক হতে যুব সমাজকে রক্ষা করার তৎপরতা চালিয়ে যাবে বলে জানান তিনি।

জেইউ/এসএইচ