রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের হামলায় এক মিলিটারি পুলিশ (এমপি) আহত হওয়ার ঘটনাটি তদন্ত করছে সেনাবাহিনী।
মঙ্গলবার বিকালে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে কচুক্ষেত এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলিটারি পুলিশের এক সদস্য আহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
সংবাদ মাধ্যমে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কাফরুল এলাকায় কর্তব্যরত একজন মিলিটারি পুলিশকে একজন পথচারী পেছন থেকে ধারালো অস্ত্রের মাধ্যমে আঘাত করে। এতে উক্ত মিলিটারি পুলিশ সদস্য সামান্য আহত হন।
কর্তব্যরত অন্য সামরিক সদস্যগণ সন্দেহভাজন একজন হামলাকারীকে আটক করেছে। বিস্তারিত জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসএইচ





