আসামিদের ৩ দিন পুলিশের তত্ত্বাবধানে রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ইয়াবা ব্যাবসায়ী বশিরের জামিন আবেদনের শুনানিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রইস উদ্দিনকে আদালতে এসে আগামী ১২ জানুয়ারি লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামাল হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মনিরুজ্জামান কবির।

পরে আদালত থেকে বেরিয়ে মনিরুজ্জামান কবির সাংবাদিকদের বলেন, প্রচলিত আইনে আটককৃত আসামিকে ২৪ ঘণ্টার বেশি পুলিশের তত্ত্বাবধানে রাখার এখতিয়ার নেই।

তিনি জানান, আগামী ৩ সপ্তাহের মধ্যে সরকারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

মনিরুজ্জামান কবির বলেন, চলতি বছরের ১৪ সেপ্টেম্বর খিলগাঁও থানা পুলিশ মোস্তাফিজুর রহমান ও আলমগীরকে এক হাজার পিস ইয়াবাসহ আটক করে।

আটককৃত দুইজনের সূত্র ধরে ১৫ সেপ্টেম্বর চট্টগ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে শুকুর হাজী, নিজাম উদ্দিন, বশিরউল্লাহ, সালাম, আফসার, শওকত ও সাদ্দামের কাছ থেকে আরো ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

এদের কথা অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর রাতে আটককৃতদের সঙ্গে নিয়ে আরো ইয়াবা উদ্ধারের জন্য কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমজাদ বাজারে পুলিশ অবস্থান করে। এরই মধ্যে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই পুলিশ সদস্য আব্দুল আজিজ নিহত হন। জব্দ করা সব ইয়াবা পুড়ে যায়। আহত হয় অনেকে।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের এসআই মালেক ও আটককৃত আসামি শওকত মারা যান।

এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর খিলগাঁও থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।সোমবার হাইকোর্টে আসামি বশিরউল্লাহর জামিন শুনানির নির্ধারিত দিন ছিল।আদালত বশিরউল্লাহকে কেন জামিন দেয়া হবে না এই মর্মে রুল জারি করেন।

একইসঙ্গে আসামিদের ৩ দিন পুলিশের তত্ত্বাবধানে রেখে অভিযান পরিচালনা করা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে সেটাও জানতে চান হাইকোর্ট।

এমএইচ