নারায়ণগঞ্জের ৭ খুনের প্রধান আসামি নূর হোসেনকে ফেরত দিতে পারে ভারত।

রবিবার ইন্ডিয়ান এক্সপ্রেস দেশটির এক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে।

আগামী বুধবার (২৫ জুন) বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তার ঠিক আগেই এই খবর প্রকাশ করলো ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতের ওই কর্মকর্তা জানান,‘আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। বাংলাদেশ অনুরোধ করলে বিষয়টি (নূর হোসেনকে ফেরত দেওয়া) গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হতে পারে।’

২০১৩ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যার্পণ ‍চুক্তি স্বাক্ষরিত হয়। নূর হোসেনকে ফেরত দেওয়া হলে চুক্তি স্বাক্ষরের পর এটাই হবে প্রথম বাংলাদেশি কোনো বন্দিকে ফেরত দেওয়া।

এরই মধ্যে নূর হোসেনের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে ভারত। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সময়েই নূর হোসেনের প্রত্যার্পণ বিষয়ে আলোচনা হতে পারে বলে পত্রিকাটি জানায়।

গত ১৪ জুন পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বাগুইআঁটির একটি বাড়ি থেকে নূর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। ১৯ জুন তা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানায় ভারত।

১৫ জুন নূর হোসেনকে ৮ দিনের রিমান্ডের অনুমতি দেন কলকাতার উত্তর চব্বিশ পরগনা জেলা ও দায়রা আদালত।

ঢাকা, ২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এএইচ