বিআরটিএ'র টাঙ্গাইলের সাবেক সহকারি পরিচালক কাজী মাহবুবুর রহমানের ২২ লাখ ৯৪ হাজার ৫২০ টাকা আত্মসাতের মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের নিয়মিত সভায় আদালতে চার্জশিট দায়েরের অনুমোদন দেয়া হয়।

২০১১ সালের ১৩ ডিসেম্বর টাঙ্গাইল মডেল থানায় মামলা নং-১২ দায়ের করে দুদক। থানায় দন্ডবিধি ৪০৯/৪১৮/২০১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় রেকর্ড করা হয়।

পরে উপ সহকারি পরিচালক মো. আতাউর রহমান সরকার তদন্ত করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, টাঙ্গাইলে বিআরটিএ'র দায়িত্বে থাকাকালে অবৈধভাবে ৭টি গাড়ির নতুন রেজিষ্ট্রেশন প্রদান করেন। এছাড়া ৬৭টি গাড়ি নথিভুক্ত দেখিয়ে ২২ লাখ ৯৪ হাজার ৫২০ টাকা আত্মসাৎ করেন।

ঢাকা, একে, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ