মোহাম্মদপুর থেকে গ্রেফতার হওয়া ঢাকা মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদসহ ১৯ নেতাকর্মীর চার দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত।

রোববার দুপুরে তাদের সিএমএম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত উভয়পক্ষে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ ও চার দিনের রিমান্ড আদেশ দেন।

এর আগে মোহাম্মদপুর থানার এসআই আবদুল জলিল বাদী হয়ে নাশকতার অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে আটক জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৬।

মামলার বাকি অভিযুক্তরা হলেন, জামায়াতের মোহাম্মদপুর থানা শাখার আমির জিয়াউল হাসান, ৪৪ নং ওয়ার্ড জামায়াত সভাপতি মাহবুবুর রহমান। কর্মী মনির হোসেন, ইউসুফ, ইব্রাহীম মনির, মাজহারুল ইসলাম হীরা, আবদুল হালিম, নূর আমীন, মনির হোসেন, মুশফিক, সমর্থক আব্বাস মিয়া, কামরুল হাসান, ছগীর, লোকমান হোসেন, সৈয়দ আহম্মদ আলী, ইব্রাহিম, আল-আমিন এবং মাহে আলম।

শনিবার সন্ধ্যার দিকে জামায়াত নেতা-কর্মীরা মোহাম্মাদপুর এলাকার জাকির হোসেন রোডের একটি বাসায় বৈঠক করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই, কেবি