জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এক তরুণীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

রোববার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় কর্মচারী ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

অপহৃত তরুণীর নাম পরিচয় জানা যায়নি। তবে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে মেয়েটির ডান পায়ের একটি জুতা, একটি কানের দুল এবং একটি পাসপোর্ট সাইজের ছবি উদ্ধার করেছেন।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, ঘটনার কিছুক্ষণ আগে এক তরুণী একটি ছেলের সঙ্গে পায়ে হেঁটে বিশ্ববিদ্যালয় বিশমাইল গেট দিয়ে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে। তারা হাঁটতে হাঁটতে গেট থেকে প্রায় ২০০ মিটার দূরে কর্মচারী ক্লাবের সামনে যায়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তী পান্দুয়া এলাকা থেকে (গেটের উল্টো দিকে থেকে) আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩৯১০৩) মেয়েটিকে জোর করে গাড়িতে উঠিয়ে নেয়। মেয়েটিকে গাড়িতে তোলার পর সঙ্গে থাকা ছেলেটিকেও গাড়িতে উঠতে দেখা যায়।

মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মেয়েটিকে নিয়ে গাড়িটি দ্রুত ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়।

ঘটনাস্থলে থাকা লোকজন ধারণা করছেন, মেয়েটির সঙ্গে থাকা ছেলেটি অহরণকারীদের সহযোগী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, 'আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে মেয়েটির ফেলে যাওয়া ছবিটি সংগ্রহ করা হয়েছে। ছবি দেখে মেয়েটিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে মনে হয়নি। বিষয়টি আশুলিয়া ও সাভার থানায় জানানো হয়েছে। পুলিশই পরবর্তী ব্যবস্থা নেবে।'

আশুলিয়া থানার ওসি মুহসিনুল কাদির বলেন, ঘটনাটি আমরা জেনেছি। বিষয়টি নিয়ে খোঁজ-খবর নিচ্ছি।

এমআইএস