পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন পুলিশের দুই উপ-পরিদর্শক(এসআই)।

ঢাকার ৩ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের সাঈদ আহমেদের আদালতে সোমবার এসআই জাহাঙ্গীর হোসেন ও গোলাম মোস্তফা সাক্ষ্য দেন।

আদালত তাদের দুই জনের সাক্ষ্য গ্রহণ শেষ করে পরবর্তী সাক্ষ্যগ্রহনের জন্য ১৫ জুন দিন ধার্য করেন।

সোমবার সাক্ষ্যগ্রহনের আগে ঐশীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (রাজনৈতিক শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

মা-বাবা খুন হওয়ার পর পালিয়ে যায় ঐশী। এ ঘটনায় ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মো. মশিউর রহমান রুবেল পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

১৭ আগস্ট তাদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় আত্মসমর্পণ করে। একই বছরের ২৪ আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেয় ঐশী।

২০১৪ সালের ৯ মার্চ ঐশীকে প্রধান আসামী করে তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আবুল খায়ের।

চলতি বছর ৩০ নভেম্বর ঢাকার তিন নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম সাজেদুর রহমান তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

এমকে