বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেছেন, বেসরকারি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার অনুমতি নিয়ে নানা রকম গড়িমসি করে অর্থ আদায়, যথাসময়ে নতুন আইনজীবীদের শপথগ্রহণ এবং সদনপত্র বিতরণ না করা এবং ট্রেনিং কার্যক্রম বন্ধসহ বার কাউন্সিলের বিগত পাঁচ বছরের কার্যক্রমের নিরপেক্ষ অডিট করা প্রয়োজন।

আজ বুধবার মুন্সীগঞ্জ আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনাকালে এ কথা বলেন তিনি।

বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, বার কাউন্সিল নির্বাচনে সাদা প্যানেল বিজয়ী হলে আইনজীবীদের স্বার্থ সংরক্ষণে সব কিছু করা হবে। সরকারের কাছ থেকে ৫০ কোটি টাকা ফান্ড এনে আইনজীবীদের কল্যাণে লাগানো হবে। যাতে অসহায় আইনজীবীদের বিপদের সময় সনদ সারেন্ডার করে ফান্ডের টাকা গ্রহণ করতে না হয়।

বিশিষ্ট আইনজীবী আবুল বাসেদ মজুমদার বলেন, ঐতিহ্যবাহী বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের আইনজীবীদের সম্মান বিশ্ব জোড়া। এখানকার আইনজীবীরা সঠিক সিদ্ধান্ত গ্রহণে সব সময়ই এগিয়ে থাকেন বলে তিনি উল্লেখ করেন।

সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন এমপি বলেন, আইনজীবীদের স্বার্থে, তাদের পেশাগত সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে সিদ্ধান্ত গ্রহণের সময় এসেছে। তিনি বলেন, নেতা নির্বাচনে ভুল করা যাবে না।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, পরিমল চন্দ্র গুহ, কাজী নজিবুল্লাহ হিরু, আর্শেদ উদ্দিন চৌধুরী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ঢালী।

সভায় আগামী ২০ মে বার কাউন্সিল নির্বাচনে সাদা প্যানেলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনিত প্রার্থীদের ভোট দেয়ার আহবান জানানো হয়।

এসএইচ