প্রধান বিচারপতি এস কে সিনহার এক মাস আটদিনের ছুটি শেষ হচ্ছে আজ। এখন পর্যন্ত ছুটি বাড়াননি তিনি, দেশে ফেরার বিষয়ে কোনো তথ্যও পাওয়া যায়নি।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এখনো মনে করছেন, প্রধান বিচারপতি এস কে সিনহার দায়িত্বে ফেরার কোনো সম্ভাবনা নেই।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকারের সাথে দূরত্ব তৈরি হয় প্রধান বিচারপতি এস কে সিনহার। পাশাপাশি বিচারিক আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশ নিয়েও আরো শীতল হয়েছে সম্পর্ক।
এমন পরিস্থিতিতে উচ্চ আদালতে অবকাশকালীন ছুটি শেষেই অসুস্থতার কারণ দেখিয়ে ২ অক্টোবর ফের ছুটিতে যান প্রধান বিচারপতি। তবে, অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার আগে সাংবাদিকদের জানান, সুস্থ আছেন তিনি। ছুটি শেষে আবার তিনি দায়িত্ব নেবেন।
তবে ছুটির মেয়াদ শেষ হলেও প্রধান বিচারপতির দেশে ফেরার বিষয়ে তথ্য নেই কারো কাছে। অ্যাটর্নি জেনারেল আবারো বলছেন, প্রধান বিচারপতি এস কে সিনহার দায়িত্বে ফেরার সম্ভাবনা সুদূরপরাহত।
প্রধান বিচারপতি দেশ ছাড়ার পর গত ১৪ অক্টোবর সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে অর্থপাচার, আর্থিক অনিয়ম, নৈতিক স্খলনসহ ১১টি অভিযোগ প্রকাশ করা হয়। এ সময় জানানো হয় অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত আপিল বিভাগের পাঁচ বিচারক তাঁর সাথে এজলাসে বসবেন না।
এর আগেই সরকারি এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতি এস কে সিনহা দায়িত্বে না ফেরা পর্যন্ত বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা অস্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
জেড





