ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড- এর বোর্ড অব ডাইরেক্টরস ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য ২০১৪ সালে ১৫% ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে। ব্যাংকের ৩২তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ ডিভিডেন্ড প্রদান করা হবে।
ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার-এর সভাপতিত্বে ২১ মার্চ ২০১৫ শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ডরুমে অনুষ্ঠিত বোর্ড অব ডাইরেক্টরস-এর সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যাংকের দেশী-বিদেশী ডাইরেক্টরসহ ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান সভায় উপস্থিত ছিলেন।
সভায় ৩১ ডিসেম্বর ২০১৪-এ সমাপ্ত বছরের লাভ-লোকসান ও ব্যালেন্স সিট অনুমোদন করা হয়।
আগামি ১৩ জুন ২০১৫ তারিখে ব্যাংকের ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যাংকের ডিভিডেন্ড-এর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল ২০১৫।
সভায় ব্যাংকের মুদারাবা পারপিচুয়াল বন্ডের জন্য ২০১৪ সালে মুনাফার হার ১১.১৮% ঘোষণা করা হয়।
৮ বছর মেয়াদী মুদারাবা সঞ্চয়ী বন্ডের মুনাফা ৯.৬৮%-এর সাথে প্রস্তাবিত ডিভিডেন্ডের হারের ১০% যোগ করে মুদারাবা পারপিচুয়াল বন্ডের বার্ষিক মুনাফা নির্ধারণ করা হয়।
ব্যাংকের বার্ষিক সাধারণ সভার দিন থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে বন্ডের মুনাফা বন্টনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে এ যাবত অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ এবং কতিপয় ব্যবসায়িক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এমকে





