শুক্রবার (৮ মে) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, পেঁপে ও শসা বিক্রি হচ্ছে কেজি ১০০ টাকায়। কাঁকরোলের দাম উঠেছে ১৪০ টাকায়, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ বলে মনে করছেন ক্রেতারা।
বাজারে টমেটো বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। ঢেঁড়শ ৬০ টাকা, পটোল ৭০ থেকে ৮০ টাকা এবং ঝিঙে ও চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এছাড়া বেগুনের দাম কেজিতে ১০০ টাকা, করলা ৮০ টাকা এবং কেপসিকাম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। প্রায় সব ধরনের সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার এক ক্রেতা রায়হান বলেন, প্রতিদিন নতুন দামে সবজি কিনতে হচ্ছে। এতে সংসারের খরচ অনেক বেড়ে গেছে।
আরেক ক্রেতা শাওন বলেন, আগে ২০০ থেকে ৩০০ টাকায় দুই-তিন দিনের সবজি কেনা যেত, এখন সেই টাকায় এক দিনের বাজারও ঠিকমতো হয় না।
বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা থেকে সময়মতো সবজি বাজারে আসছে না। অনেক স্থানে পানি জমে থাকায় ক্ষেত থেকে পণ্য সংগ্রহ ও পরিবহনে সমস্যা হচ্ছে। ফলে সরবরাহ কমে গিয়ে দাম বেড়ে যাচ্ছে।
একজন বিক্রেতা জানান, ডিজেলের দাম ও পরিবহন ভাড়া বাড়ায় পাইকারি বাজার থেকেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে। সেই প্রভাব খুচরা বাজারেও পড়ছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং সরবরাহ বাড়ানো না গেলে সবজির বাজারে অস্থিরতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
এনএইচ