সিআইডি সূত্রে জানা যায়,ব্যাংকের অভ্যন্তরে একটি চক্রের পরিকল্পনায় এই বিপুল পরিমাণ রিজার্ভ হ্যাক করে লোপাট করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সার্ভারের ইউজার ডাটা খুঁজে পায়নি মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। গতকাল বুধবার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা সিআইডির এডিশনাল ডিআইজি শাহ আলমের নেতৃত্বে ৪ সদস্যের টিম বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন যে ব্যাংকের অভ্যন্তরে একটি চক্রের পরিকল্পনায় এই বিপুল পরিমাণ রিজার্ভ হ্যাক করে লোপাট করা হয়েছে। তারা ব্যাংকের কর্মকর্তাদের কথাবার্তায় নানা অসঙ্গতি পেয়েছেন।

রিজার্ভ সার্ভার ব্যবহারকারীদের কোন ডাটাও খুঁজে পাওয়া যায়নি। এমনকি কেন্দ্রীয় রিজার্ভ সার্ভারের কক্ষের সিসি ক্যামেরার ফুটেজও দিতে পারেন নি ব্যাংক কর্মকর্তারা।

এ ব্যাপারে ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে সিআইডি টিম কোন সদুত্তরও পায়নি। এজন্য সন্দেহভাজন অনেক কর্মকর্তার ব্যক্তিগত ফাইল জব্দ করেছে সিআইডি।

তাদের ব্যক্তিগত ফাইল ও পাসপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। তাদের কে কখন বিদেশ সফর করেছেন-সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এসএম