জনতা ব্যাংকের টাকা আত্মসাতের দায়ে লোকাল অফিসের নির্বাহী কর্মকর্তা রাজীবুল হাসানকে আসামি করে মামলা করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

মামলা হওয়ার পর থেকেই এ কর্মকর্তা পালিয়ে গেছেন বলে জানা গেছে। প্রায় ২ কোটি টাকার এফডিআর ব্যাংকে না রেখে রাজীব নিজের অ্যাকাউন্টে রাখেন বলে মামলায় অভিযোগ করা হয়।

মঙ্গলবার সন্ধ্যার দিকে ব্যাংকের এএফএমজি শাখার নির্বাহী কর্মকর্তা আলী আশরাফ সিদ্দিকি মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর (২১)।

মামলায় অভিযোগ করা হয়, ব্যাংকের ফিক্সড ডিপোজিট রিসিট (এফডিআর) হিসাব থেকে এক কোটি ৯৩ লাখ টাকা আত্মসাতের বিষয়টি ভিজিল্যান্স ডিপার্টমেন্টের নজরে আসে। এরপর রাজীবের সংশ্লিষ্ট্রতা বেরিয়ে আসে। পরে তার কাছ থেকে ১ কোটি ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়। বাকি টাকা উদ্ধার এবং রাষ্ট্রীয় ব্যাংক থেকে টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হলো।

মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা এ মামলার তদন্ত দুদক করবে বলে মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানিয়েছেন।

 মামলাটি গ্রহণ করা হয়েছে। কিন্তু নিয়ম আছে এ মামলা দুদক তদন্ত করবে। তারপরও ব্যাংক যদি বলে তাহলে পুলিশও তদন্ত করতে পারবে। তবে আসামিকে গ্রেফতার করা যায়নি।

ব্যাংকের একটি সূত্র জানায়, উদ্ধার না হওয়া অবশিষ্ট টাকার জন্য অভিযুক্ত কর্মকর্তার কাছ থেকে একটি অগ্রিম চেকসহ তার স্ত্রীর নামে রায়ের বাজারে অবস্থিত ফ্ল্যাটের মূল দলিল ব্যাংকের কাছে নেওয়া হয়েছে। সার্বিক বিষয়ের ওপর তার কাছ থেকে একটি অঙ্গীকারনামাও নেওয়া হয়েছে।

এম আর