[b]ঢাকা:[/b] দেশের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের বিশ্বব্যাংক সহায়তাপুষ্ট ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ) তহবিল থেকে বেসরকারি উদ্যোক্তাদের স্বল্প সুদে (৪ শতাংশ) ঋণ নেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি জানান, সুদের হার কমিয়ে আনার লক্ষ্যে ভালো উদ্যোক্তাদের জন্য বিদেশী মুদ্রায় ঋণ দেয়ার অনেক সৃজনশীল উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।               
মঙ্গলবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টইনে  চট্টগ্রামের পতেঙ্গায় ৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ প্ল্যান্ট পতেঙ্গা পাওয়ার লিমিটেড-কে ২১.৯৭৫ মিলিয়ন (২ কোটি ১৯ লাখ ৭৫ হাজার) ডলার অর্থায়নের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি.(ইউসিবিএল), ট্রাস্ট ব্যাংক, আইপিএফএফ মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।
গভর্নর ড. আতিউর রহমান বলেন, অবকাঠামো খাতে প্রকল্প প্রণয়ন ও অর্থায়ন সংগ্রহের জন্য দরকারী বিভিন্নমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা দেয়াতেও আইপিএফএফ সক্রিয়। আইপিএফএফ তহবিলটি ভবিষ্যতে আরও সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক বিদেশি উন্নয়ন সহযোগীদের অর্থায়নের পাশাপাশি দেশের নিজস্ব উৎসের অর্থায়নও কাজ করছে। সরকারি খাতের অর্থায়ন যোগানের পাশাপাশি বেসরকারি খাতে একাধিক উদ্যোগ ও অনুমোদন পরীক্ষাধীন ও বিবেচনাধীন রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে অবকাঠামো খাতে আইপিএফএফ অর্থায়ন সুবিধাটির পূর্ণ সদ্ব্যবহারে উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা দেয়ায় উদ্যোগী হবার জন্য আমি আমাদের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে অনুরোধ করবো।
গভর্নর বলেন, পরিবেশবান্ধব অর্থায়নে বাংলাদেশ ব্যাংক সব সময় অগ্রাধিকার দিয়ে থাকে। চট্টগ্রামের পতেঙ্গায় বিদ্যুৎ প্ল্যান্ট প্রকল্পটি পরিবেশবান্ধব হবার বিষয়টিতে যথাযথ নিশ্চিত করা হয়েছে, এটি আমাদের সবার জন্য অত্যন্ত সন্তুষ্টির বিষয়। এছাড়া প্রকল্পের জন্য সরঞ্জাম ও কারিগরি সেবার সংগ্রহ প্রক্রিয়ায় স্বচ্ছতার মানও ভালো।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]