তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের দুই বছর অতিবাহিত হলেও ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। এমন দাবি করেছেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও র্যালি করেছে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ইতিহাসে তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ড একটি ভয়াবহ দুর্ঘটনা। বহু পরিবারের একমাত্র উপার্জনকারী দুর্ঘটনায় বিকলাঙ্গ হয় অথবা মারা যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ক্ষতিগ্রস্ত অনেক পরিবারই এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাননি।
বক্তারা আরো বলেন, আর কত নিরীহ শ্রমিককে লাশ হতে দেখব। শ্রমিককে মানুষ না ভেবে সজ্ঞানে তারা শ্রমিক হত্যা করছে। যতদিন পর্যন্ত পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন নিশ্চিত করা যাবে না, ততদিন পর্যন্ত এই শিল্পে উন্নতি বাধাগ্রস্ত হবে।
এসময় আহত শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা ও আপদকালীন ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আয়োজনে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তৌহিদুর রহমান, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শ্রমিক লিগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক সিরাহুল ইসলাম রনি প্রমুখ।
জেআই





