বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ২০ মিলিয়ন পেসো ফিলিপাইনের রিজাল ব্যাংকের ম্যানেজারের গাড়িতে তোলা হয়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন।
রিজাল কমার্শিয়াল ব্যাকের ম্যানেজার মায়া সান্তোস-দিগুয়েতোর গাড়িতে নিজের চোখে ওই টাকা তুলতে দেখেছেন বলে জানিয়েছেন ব্যাংকের সাবেক কাস্টমার সার্ভিস হেড রোমুলডো আগারাডো।
রোমুলডো আগারাডো সিনেট কমিটিকে বলেন, আমি নিজের চোখে মায়া সান্তোস দিগুয়েতোর গাড়িতে টাকা তুলতে দেখেছি। আমি যে টেবিলে বসে ছিলাম, তার প্রধান দরজার কাচের ভেতর দিয়ে বাইরের সব দেখতে পাচ্ছিলাম।
সিনেট কমিটিকে দেয়া বক্তব্যে তিনি আরও জানান, ৫ ফেব্রুয়ারি কাগজের ব্যাগে পেঁচিয়ে বিশ মিলিয়ন পেসোর গাড়িতে তোলা হয়। এর আগে ক্যাশ সেন্টারে সহকারী ব্যবস্থাপক অ্যাঞ্জেলা টোরেস এই টাকা তোলার কথা জানালে গাড়িতে করে শাখায় টাকা আনা হয়। এরপর সেই টাকা গুনে একটি বক্সে করে প্রথমে মায়া সান্তোসের রুমে রাখা হয়। পরে সেটি আবার কাগজের ব্যাগে ঢুকিয়ে সন্ধ্যার দিকে ম্যানেজারের গাড়িতে তুলে দেয়া হয়।
যদিও এ সময় মিজ দিগুয়েতো ব্রাঞ্চে ছিলেন না।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি হয়, যার বেশিরভাগই গেছে ফিলিপাইনে।
এই অর্থ চুরি এবং উদ্ধার নিয়ে ফিলিপাইনের সিনেটে শুনানি চলছে।
অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনে আটক সন্দেহভাজনদের সিনেটের শুনানিতে হাজির করা হয়।
সেখানকার যে ব্যাংকের বিরুদ্ধে মুল অভিযোগ এসেছে, সেই ব্যাংকের ম্যানেজার মায়া সান্তোস দিগুয়েতোকে জাপানে পালানোর চেষ্টার সময় বিমান থেকে তাকে নামিয়ে এনে আটক করা হয়েছে।
এমআইএস।





