মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে বাংলাদেশ ইতোমধ্যে প্রায় সকল শর্তই পূরণ করেছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।  
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এর নেতাদের সাথে আয়োজিত বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু একথা বলেন। শিল্প মন্ত্রণালয়ে বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এছাড়া পরিকল্পিত গার্মেন্টস্ শিল্প খাত গড়ে তুলতে মুন্সিগঞ্জের গজারিয়া ৮শ’ একর জমির ওপর গার্মেন্টস্ শিল্পনগরি গড়ে তোলা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তৈরি পোশাক শিল্প কারখানাকে পরিকল্পিত স্থানে স্থানান্তর সম্ভব হবে জানান মন্ত্রী।  
বৈঠকে আইবিএফবি’র নেতারা দেশে শিল্পখাতের বিকাশে সুদের হার কমানোর তাগিদ দেন। তারা বলেন, পরিকল্পিত তৈরি পোশাক শিল্পখাত গড়ে তুলতে জেলা পর্যায়ে গার্মেন্টস্ কারখানা বিকেন্দ্রিকরণ করা প্রয়োজন।
এক্ষেত্রে তারা সরকারি প্রণোদনার ওপর গুরুত্ব দেন। তারা দেশিয় শিল্পের বিকাশ ও রপ্তানি সক্ষমতা বাড়াতে দেশিয় কারখানার জন্য দীর্ঘ মেয়াদী নীতি সহায়তা দেয়া প্রয়োজন বলে মন্তব্য করেন।
নেতারা বলেন, টেকসই শিল্পখাত বিকাশের জন্য জাতীয় শিল্পনীতি-২০১০ এ প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি। এক্ষেত্রে নতুন করে অগ্রাধিকার খাত নির্ধারণের পাশাপাশি শিল্পনীতির আলোকে চিহ্নিতখাতগুলোকে বিশেষ সুবিধা দিতে হবে।
তারা নতুন শিল্পনীতি প্রণয়নসহ শিল্প সংক্রান্ত যে কোনো গবেষণার ক্ষেত্রে আইবিএফবি সহায়তা দিতে আগ্রহী বলে জানান।
শিল্পমন্ত্রী বলেন, শিল্পায়নের সুবিধার্থে ‘ওয়ান স্টপ’ সার্ভিস প্রদানের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। শিল্প ঋণের সুদের হার পুন:নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
বিদ্যমান শিল্পনীতির পরিবর্তন হলে দেশের শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি শিল্পায়নে প্রাণ চাঞ্চল্য আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।  
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফরহাদ উদ্দিন, আইবিএফবি’র প্রেসিডেন্ট হাফিজুর রহমান খান, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাহমুদুল ইসলাম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ওমর সেফায়াত কাউসার ও হুমায়ুন রশিদ, পরিচালক প্রীতি চক্রবর্তী, লোকমান হোসেন আকাশ, ক্যাপ্টেন কেবিএম আকবরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]