বাংলাদেশ থেকে কৃষিপণ্য আমদানির পাশাপাশি এদেশে কৃষিভিত্তিক শিল্প স্থাপনে বিনিয়োগে এগিয়ে আসার জন্য সিঙ্গাপুরের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, সিঙ্গাপুর সরকার বাংলাদেশ থেকে সরকারিভাবে জনশক্তি আমদানিরও উদ্যোগ নিতে পারে। এর ফলে দু’দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে তিনি মন্তব্য করেন।
বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার চান হ্যাং উইং রোববার শিল্পমন্ত্রীর সাথে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ে এ সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। এ সময় শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্সহ শিল্প মন্ত্রণালয় এবং সিঙ্গাপুর দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে বাংলাদেশের শিল্পখাতে বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে সাবমেরিন ক্যাবলস্ স্থাপন, টেলিকমিউনিকেশন, জাহাজভাঙ্গা ও জাহাজ নির্মাণ, পরিবেশবান্ধব তৈরি পোশাক এবং নির্মাণ শিল্পখাতে সহায়তার বিষয়ে বিশেষভাবে আলোচনায় স্থান পায়।
সাক্ষাতকালে হাই কমিশনার সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি জনবলের দক্ষতার প্রশংসা করেন। তিনি বলেন, গত দু’বছরে সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি জনবলের সংখ্যা ১ লাখ ২০ হাজার থেকে বেড়ে ১ লাখ ৬০ হাজারে দাঁড়িয়েছে। তিনি বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির জন্য শিল্পমন্ত্রীর প্রস্তাব সিঙ্গাপুর সরকারের কাছে তুলে ধরবেন বলে জানান। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে একটি ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের জন্য তিনি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি খাতের কর্মকর্তাদের সমন্বয়ে কর্মশালা আয়োজনের প্রস্তাব করেন।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের জ্বালানি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে সিঙ্গাপুরের উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারে। আয়তনে ছোট হলেও নগর উন্নয়ন এবং সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে সিঙ্গাপুরের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য ফলপ্রসূ হতে পারে বলে তিনি উল্লেখ করেন। তিনি ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য হাই কমিশনারের দেয়া কর্মশালা আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানান।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
কৃষি শিল্পে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর
বাংলাদেশ থেকে কৃষিপণ্য আমদানির পাশাপাশি এদেশে কৃষিভিত্তিক শিল্প স্থাপনে বিনিয়োগে এগিয়ে আসার জন্য সিঙ্গাপুরের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।





