সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারা সমুন্নত রাখার স্বার্থে বাংলাদেশ সম্মিলিত ইসলামী দলসমূহের ডাকা আগামী রোববার দেশব্যাপী হরতাল প্রত্যাহারের আহ্বান করছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এফবিসিসিআই বলেছে, দেশে বর্তমানে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। বৈদেশিক মূদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, বৈদেশিক বিনিয়োগ, আমদানি ও রপ্তানি কার্যক্রম,বার্ষিক উন্নয়ন প্রবৃদ্ধি প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক গতিধারা লক্ষ্য করা যাচ্ছে। দেশের অনুকূল বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে চীন, জাপান,ইতালীসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীগণ এদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।

এ অবস্থায় হরতালসহ যে কোন নেতিবাচক কার্যক্রম দেশের ভাবমূর্তির উপর প্রভাব ফেলবে এবং বিনিয়োগকারীগণ নিরুৎসাহিত হবে বলে এফবিসিসিআই মনে করে।

সাবেক মন্ত্রী জনাব আবদুল লতিফ সিদ্দিকীর পবিত্র হজ্ব ও হজরত মুহাম্মদ (সা.)- কে নিয়ে অনাকাংক্ষিত মন্তব্যের কারনে সরকার ইতোমধ্যে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেছেন। তাঁকে সরকারের মন্ত্রীসভা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দল থেকেও তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করার বিষয়ে কারন দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে।

লতিফ সিদ্দিকীর কটুক্তিপূর্ন বক্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে দেশে একাধিক মামলা হয়েছে। আদালত ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহন করবেন। উপরক্ত জনাব লতিফ সিদ্দিকী এ মুহুর্তে দেশেও অবস্থান করছেন না।

এ অবস্থায় এ ইস্যুকে কেন্দ্র করে কোন নেতিবাচক কর্মসূচী গ্রহন করার মাধ্যমে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির প্রয়াস কোনভাবেই কাম্য নয়। আমরা মনে করি লতিফ সিদ্দিকী দেশে ফিরলে সরকার আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন ।

এ অবস্থায়,  লতিফ সিদ্দিকী ইস্যুকে কেন্দ্র করে আগামী ২৬ অক্টোবর, ২০১৪ তারিখে সারা দেশে দিনব্যাপী ডাকা হরতাল প্রত্যাহারেরর জন্য সংশ্লিষ্ট দলসমূহের প্রতি এফবিসিসিআই উদাত্ত্ব আহ্বান জানাচ্ছে।

ঢাকা, ২৩ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর