নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী গত ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর এ কার্যক্রম শেষ হবে। এরপর নিবন্ধনের সময় আর বাড়ানোর সুযোগ থাকবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধন শেষ হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানাতে হবে। চূড়ান্ত সংখ্যার ভিত্তিতেই সৌদি পর্বের অর্থ পাঠানো, মেডিকেল পরীক্ষা, ফিটনেস সনদ, টিকা প্রদান ও প্রশিক্ষণসহ হজসংক্রান্ত অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত রয়েছে। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনসহ মোট ৩ হাজার ৭৪১ জন নিবন্ধন করেছেন।

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন শেষ করার জন্য হজে যেতে আগ্রহী ব্যক্তি, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এনএইচ