ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনা নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রবিবার দুপুরে সচিবালয়ে নবনিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে সাক্ষৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ব্যাংক যেভাবে পুরো বিষয়টি হ্যান্ডেল করেছে তাতে আমি খুবই অখুশী। বাংলাদেশ ব্যাংক খুবই অদক্ষতার পরিচয় দিয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেছেন, গত ৪ঠা ফেব্রুয়ারি ঘটনা ঘটেছে। অথচ ঘটনার অনেক পরে আমরা এ বিষয়ে জানতে পারি । এ ঘটনা আমাদের না জানানোর মতো ধৃষ্টতা দেখিয়েছে। এই ধৃষ্টতার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব।

তিনি বলেছে, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে বিকেলে অথবা আগামীকাল সোমবার বৈঠক করে এ বিষয়েগণমাধ্যমে বিবৃতি দেব।

এর আগে বার্তা সংস্থা রয়টারের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সিস্টেমের নিরাপত্তাব্যুহ ভাঙার এক মাসেরও বেশি সময় পর হ্যাকাররা প্রায় ১০০ কোটি ডলার চুরি করার চেষ্টা করে - যা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে তাদের একাউন্টে রাখা ছিল।

রিপোর্টে বলা হয়, অজ্ঞাত হ্যাকাররা সম্ভবত ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার পাঠিয়ে বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সিস্টেমে ঢুকে কয়েক সপ্তাহ ধরে লেনদেন পর্যবেক্ষণ করেছিল এবং কখন কি ভাবে টাকা হাতিয়ে নেবে তার পরিকল্পনা করেছিল।

তবে রয়টারের খবরে বলা হয়েছে, এই বিপুল পরিমাণ অর্থ লোপাটের ঘটনায় ব্যাংকের কেউ জড়িত ছিল এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এমবি