পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে পারটেক্স গ্রুপের কোমল পানীয় আরসি কোলা উৎপাদনের কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে জেলার বাহাদুরপুর এলাকায় আরসি কোলার উৎপাদন কারখানা পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম।

বিষয়টি তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কটিমিও গঠন করা হয়েছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশিনার সত্যজিত দাস টাইমনিউজকে জানান, সদর উপজেলার বাহাদুরপুর এলাকার কোমল পানীয় আরসি কোলার কারখানার বর্জ্যে আশপাশের প্রায় পাঁচ কিলোমিটার এলাকার কৃষি জমিসহ জীববৈচিত্র্যের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং সেখানে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পর দুপুরে জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম সরেজমিনে পরিদর্শনে যান।

এসময় মারাত্মক পরিবেশ দূষণের সত্যতা পাওয়ায় জেলা প্রশাসক আরসি কোলার কারখানার উৎপাদন পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন। পরিবেশ দূষণের বিষয়টি তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেন তিনি।

তদন্ত কমিটি আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবে।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, জেলা ভূমি হুকুম দখল কর্মকর্তা সাজিদ আনোয়ার, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সোনিয়া সুলতানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেডআই