জামায়াতের ডাকা সারাদেশে ৩ দিনের সকাল সন্ধা হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) বিআইএ এর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

বুধবার বিআইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০১৩ সালের দীর্ঘ দিন হরতালের কারণে দেশের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছিল এখনো তা কাটিয়ে উঠা সম্ভব হয়নি। দেশের ব্যবসায়ী মহল যে মুর্হুতে একটু ঘুরে দাড়ানোর চেষ্টা করছে সেই মুহুর্তেই আইন অবমাননা করে মাননীয় কোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের ডাকা হরতালের কোনো ভিত্তি নেই। কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে হরতাল ডেকে রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে তার ফলে দেশের ব্যবসায়ী মহলে আবারও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। এর ফলে অন্যান্য ব্যবসার পাশাপাশি বীমা ব্যবসাও অত্যন্ত ক্ষতিগ্রস্থ হচ্ছে

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, হরতাল হলে দেশে আঞ্চলিক ও আন্তর্জাতিক কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং বীমার আওতাধীন যানবাহন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এই সব ক্ষয়-ক্ষতির দাবী বীমা কোম্পানীগুলোকে পরিশোধ করতে হয়। এছাড়া কারণে অকারণে হরতাল দেশী বিদেশী বিনিয়োগকারীদের ব্যাপকভাবে নিরুৎসাহিত করছে বলে অভিজ্ঞমহল মনে করেন।

উল্লেখ, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে ৩ দিনের হরতাল ডেকেছে দলটি

আজ বুধবার নিজামীর রায়ের পর এক বিবৃতিতে দলটি এ ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, আগামী বৃহস্পতি, রোব ও সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

ঢাকা, ২৯ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর