বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই হাজার ২০০ কোটি ডলারের নতুন মাইলফলক ছুঁয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে রিজার্ভ দুই হাজার ২০৫ কোটি ডলারে পৌঁছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
গত জুলাই মাসে রেকর্ড ১৪৮ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। পাশাপাশি বেসরকারি খাতের বিভিন্ন কোম্পানি বিদেশ থেকে ৩০০ কোটি ডলারের বেশি বৈদেশিক মুদ্রা ঋণ এনেছে।
এই সময়ে বৈদেশিক মুদ্রা আয়ের তুলনায় ব্যয় কম হওয়ায় রিজার্ভের এই অবস্থা হয়েছে।
এর আগে গত জুনে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২ হাজার ১০০ কোটি (২১ বিলিয়ন) মার্কিন ডলার ছাড়িয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানায়, রেমিটেন্স প্রবাহ এবং রপ্তানি আয় বৃদ্ধি পাওয়ায় রিজার্ভের ওপর বড় ধরনের প্রভাব ফেলে। গত ১০ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ২০ বিলিয়ন বা দুই হাজার কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছিল। দুই মাসের ব্যবধানে আবার তা নতুন মাইলফলক অতিক্রম করল।
কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০০৯ সালের ১০ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলার। এক বছর আগে অর্থাৎ ২০১৩ সালের ১০ এপ্রিল এর পরিমাণ ছিল ১৪ দশমিক ২২ বিলিয়ন ডলার। এক বছরে রিজার্ভের পরিমাণ প্রায় ৪১ শতাংশ বেড়েছে।
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর





