এক কোটি ৪৮ লাখ ৩৬৬ টাকা আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ তিনজনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাদের ৪৯ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রহুল আমিন এ রায় দিয়েছেন।

দণ্ডিত তিন আসামি হলেন, রূপালী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক এস এম লুৎফুল করিম, সাবেক জুনিয়র অফিসার আবু কায়সার চৌধুরী এবং ব্যবসায়ী অমর চন্দ্র দাশ।

দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, ১৯৮৯ সালের ১৪ সেপ্টেম্বর ব্যবসায়ী অমর চন্দ্র দাশ খাতুনগঞ্জে রূপালী ব্যাংকের শাখায় মেসার্স সুমন এজেন্সি নামে একটি ভূয়া ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটি হিসাব চালু করেন। ১৯৯২ সালের ১৩ জানুয়ারি অমর ব্যাংকে গচ্ছিত টাকা থেকে অতিরিক্ত ৯৩ হাজার ২৬২ টাকা উত্তোলন করেন।

ব্যাংকের দুই কর্মকর্তাসহ পরস্পরের যোগসাজশে তিনজন মিলে অর্থ আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে ১৯৯৫ সালের ১৯ নভেম্বর কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন ব্যুরো। এতে সুদসহ এক কোটি ৪৮ লাখ ৩৬৬ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

১৯৯৮ সালের ১২ ফেব্রুয়ারি তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগ গঠনের পর আদালত মোট ৯ জনের সাক্ষ্য নেন।

আত্মসাৎ করা টাকা তিন আসামির স্থাবর-অস্থাবর সম্পদ থেকে সমপরিমাণে আদায় করার জন্য রায়ে নির্দেশ দিয়েছেন বিচারক।

তবে তিন আসামিই বর্তমানে পলাতক আছেন বলে জানিয়েছেন দুদক পিপি।'

ওএফ