শ্রমিক কর্মচারীদের আগষ্ট হতে নভেম্বর ২০১৫ পর্যন্ত ৪মাসের বকেয়া বেতনভাতা পরিশোধ ও বন্ধ কারখানা চালু এবং তাজরীন ফ্যাশনের মালিক দেলওয়ারের জামিন বাতিল করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে যাত্রাবাড়ীর রুহুল গার্মেন্টস লিঃ এর শ্রমিক-কর্মচারিরা।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আয়োজিত মানববন্ধনে সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা, সহ-সভাপতি মোঃ সাইদুল গণি, কেন্দ্রীয় নেতা মোঃ জামাল শিকদার, মোঃ শামীম, মোঃ নজরুল, মোছাঃ জিয়াসমিন, মোঃ তানভির।

মানববন্ধনে বক্তাগণ বলেন, রুহুল গার্মেন্টস লিঃ ৩২৬, কাজলা সনটেক, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬ দুই শতাধিক শ্রমিক কর্মচারী অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে।

গত আগষ্ট মাস হতে নভেম্বর পর্যন্ত ৪ মাসের কোন বেতন-ভাতা পরিশোধ করা হয়নি। এই অবস্থায় শ্রমিক কর্মচারীরা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।
গত ১৫নভেম্বর শ্রমিক কর্মচারীদেরকে না জানিয়ে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করেদেন। অবিলম্বে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করাসহ কারখানা খুলে দেওয়ার জোর দাবি জানান বক্তাগণ।

বক্তাগণ আরো বলেন, গত ২৪ নভেম্বর ২০১২ইং আশুলিয়া নিশ্চিন্তপুরে অবস্থিত তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত সকল শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং ঘটনার জন্য দায়ী তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ারের জামিন বাতিল করে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও সকল নিহত-আহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দাবি করেন।

এমএ