শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্য পরিবহনের খরচ বেড়েছে। এর প্রভাব পড়েছে পাইকারি বাজারে, যা পরে খুচরা বাজারেও যুক্ত হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ, পরিবহন ব্যয় যতটা বেড়েছে, অনেক পণ্যের দাম তার চেয়ে বেশি হারে বাড়ানো হচ্ছে।

গত ২০ সেপ্টেম্বর ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এর আগে ১৯ এপ্রিল ও ১ জুনও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল।

রাজধানীর বাজারে দেখা গেছে, লম্বা বেগুন এখন বাজারভেদে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে একই ধরনের বেগুনের দাম ছিল ৯০ থেকে ১০০ টাকা।

করলার দামও বেড়েছে। কিছুদিন আগে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হওয়া করলা এখন মানভেদে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট আকারের পটোল ও ঢ্যাঁড়শের দাম বেড়ে ৬০ থেকে ৮০ টাকা হয়েছে। এক সপ্তাহ আগে এসব সবজি ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

এ ছাড়া ঝিঙা, ধুন্দলসহ বিভিন্ন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে কাঁচা পেপে আগের মতো ৩০ টাকা কেজি এবং কাঁচামরিচ কিছু বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে।

মিরপুর-১ নম্বর কাঁচাবাজারের সবজি বিক্রেতা রিয়াজুল ইসলাম বলেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পাইকারি বাজারে সবজির দামও বেড়েছে।

আরেক ব্যবসায়ী মিজান জানান, যশোর থেকে কারওয়ান বাজারে বেগুন আনতে আগে মাঝারি আকারের একটি ট্রাকের ভাড়া ছিল প্রায় ১৮ হাজার টাকা। জ্বালানি তেলের দাম বাড়ার পর সেই ভাড়া বেড়ে ২১ হাজার টাকা হয়েছে। এর প্রভাব পড়েছে বেগুনের খুচরা দামে।

তবে ক্রেতাদের কেউ কেউ বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব হিসেবে পণ্যের দাম কিছুটা বাড়তে পারে, কিন্তু একবারে কেজিতে ১০ থেকে ২০ টাকা বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। বাজারে যথাযথ নজরদারি না থাকায় ব্যবসায়ীরা সুযোগ নিয়ে অতিরিক্ত দাম বাড়াচ্ছেন বলেও অভিযোগ তাদের।

এদিকে সব পণ্যের দাম অবশ্য বাড়েনি। ফার্মের ডিম আগের সপ্তাহের মতোই প্রতি ডজন ১৫০ থেকে ১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বাজারভেদে ১৮৫ থেকে ১৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের দামেও এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বড় কোনো প্রভাব দেখা যায়নি।

অন্যদিকে পাস্তুরিত তরল দুধের দাম সম্প্রতি বেড়েছে। কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান প্রতি লিটার দুধের দাম ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এর আগে সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটাও প্রতি লিটার দুধের দাম ১০ টাকা বাড়ায়।

এ ছাড়া আটা ও ময়দার দামও আগের তুলনায় বেশি। প্রায় দুই সপ্তাহ আগে সরবরাহকারী কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান এসব পণ্যের দাম বাড়িয়েছে।

এস