কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান সরকারের উপহার হিসেবে টিকার চতুর্থ চালান ঢাকায় পৌঁছেছে। এই চালানে আরও ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা রয়েছে।
শনিবার (২১ আগস্ট) বিকাল ৩টা ২৫মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে এসে পৌঁছায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪৫মিনিটে টিকাগুলো নিয়ে দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা হয় প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট।
এরআগে গতকাল (২০ আগস্ট) শুক্রবার সন্ধ্যায় টোকিও বাংলাদেশ দূতাবাস ফেসবুক পেজে জানানো হয়, বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপান থেকে ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকার চতুর্থ চালান ঢাকায় আসবে। জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশটির স্থানীয় সময় শুক্রবার রাতে একটি ফ্লাইট টিকার এই চালান নিয়ে ঢাকার পথে রওনা হয়েছে।
কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয় জাপান। সে অনুযায়ী, গত ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় পাঠায় জাপান। পরে ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান আসে। আর ০২ আগস্ট তৃতীয় চালানে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকা ঢাকায় এসে পৌঁছায়।
এমবি





