দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ১০২ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৩ টাকা, যা আগামী ০১ আগস্ট থেকে কার্যকর হবে।

সিলিন্ডারপ্রতি এলপি গ্যাসের দাম ছিল ৮৯১ টাকা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) অনলাইন সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

তবে উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। ফলে সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৪৮ টাকা ৭১ পয়সা। আগে এটি ছিল ৪৪ টাকা।

গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল প্রতিষ্ঠানটি। এরপর থেকে মাসে একবার করে দাম সমন্বয় করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান মো: আব্দুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন- বিইআরসির সদস্য মোহম্মদ আবু ফারুক, মকবুল ই ইলাহি চৌধুরী, মোহাম্মদ বজলুর রহমান, মো: কামরুজ্জামান। শুরুতে স্বাগত বক্তব্য দেন কমিশনের সচিব রুবিনা ফেরদৌসী।

এমবি