জাপান সরকারের উপহার হিসেবে দেওয়া ২ লাখ ৪৫ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা দেশে এসে পৌঁছেছে।

শনিবার (২৪ জুলাই) বেলা পৌনে ৩টায় টিকা নিয়ে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় ঢাকায় নিযুক্ত জাপান দূতাবাসের কর্মকর্তারা এবং স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ইতিমধ্যে আস্ট্রাজেনেকার টিকা এসে পৌঁছেছে।”

এছাড়া আগামী শুক্রবার প্রায় ৫ লাখসহ মোট ৩০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা জাপান সরকার দেবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ১০ লাখ ডোজ টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়ার ঘোষণা দিয়েছেন। জাপানের উপহার পাবে এমন দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। তালিকা অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা পাবে বাংলাদেশ। এরই প্রথম চালান আজ দেশে এলো।

এমবি