বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান বলেছেন, ব্যাংকের অর্থায়নের মাধ্যমে যেন কোন গাছ কাটা, পুকুর, নদী ও খাল ভরাট না হয়। আর সেদিকে লক্ষ্য রেখে ব্যাংক গুলোকে অর্থায়ন করতে সতর্ক থাকতে হবে ।
মঙ্গলবার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি অনুষ্ঠিত ‘গ্রীন ব্যাংকার সম্মেলনে ২০১৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ড. আতিউর রহমান বলেন, সব ব্যাংকের ঋণনীতির একটি সাধারণ নীতি থাকে। পরিবেশগত বিবেচনায় ঋণনীতির ধরন ভিন্ন। যেমন ট্যানারি খাতে বিনিয়োগ পোল্ট্রি খাতের বিনিয়োগের চেয়ে ভিন্ন। এমন পরিস্থিতিতে পরিবেশের কথা বিবেচনা করে গ্রিন ব্যাংকিংয়ের জন্য সাধারণ ঋণনীতি করা বিরাট চ্যালেঞ্জ। এ কারণে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের (জিআরআই) সক্ষমতা আরো বাড়ানো প্রয়োজন।
গত কয়েক বছরে গ্রিন ব্যাংকিংয়ে বাংলাদেশ যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে।
ড.আতিউর রহমান বলেন, আমাদের প্রবৃদ্ধি এখন ভালো অবস্থানে আছে। এর সাথে যদি সবুজ অর্থায়ন করতে পারি, তাহলে সারাবিশ্ব আমাদের দিকে অবাক বিষ্ময়ে তাকিয়ে থাকবে। তিনি আরো বলেন, ‘এ সুন্দর পৃথিবীতে আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই। তাই আমাদের অর্থায়নের মাধ্যমে যেনো পৃথিবীর কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে ব্যাংকগুলোকে সচেষ্ট থাকতে হবে’।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, গ্রীন ব্যাংকিং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কিছু কিছু অর্থ ভিন্ন খাতে চলে গেলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা কঠোরভাবে মেনে চললে অর্থায়ন ভিন্ন খাতে চলে যাওয়ার সুযোগ থাকবে না।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, আইএফআইসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কেইল কার্লোফার, দেশের বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]