বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় দুই ডেপুটি গভর্নরকে সরিয়ে দেওয়ার পর শূন্যস্থান পূরণে পিকেএসএফ চেয়ারম্যান কাজী খলীকুজ্জমানকে প্রধান করে সার্চ কমিটি করেছে সরকার।
বৃহস্পতিবার গঠিত এই কমিটিতে নতুন গভর্নর ফজলে কবির ছাড়াও রয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউট (বিআইডিএস) মহাপরিচালক কে এ এস মুর্শিদ এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত।
সদস্য সচিব করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গোকুল চাঁদ দাসকে। তিনিই কমিটির বিষয়টি জানিয়েছেন।
রিজার্ভ চুরি নিয়ে তুমুল আলোচনার মধ্যে গত মঙ্গলবার গভর্নর আতিউর রহমান সরে দাঁড়ানোর পর বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকেও অব্যাহতি দেওয়া হয়।
পরদিন বুধবার এক প্রজ্ঞাপনে জানানো হয়, সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। ডেপুটি গভর্নর পদ দুটি খালিই রয়েছে।
গোকুল চাঁদ বলেন, “কমিটি দ্রুত ডেপুটি গভর্নর নিয়োগে প্রয়োজনীয় কাজ করবে। এজন্য দ্রুতই একটি সভাও হবে।”
তিনি জানান, সার্চ কমিটি ডেপুটি গভর্নর নিয়োগ দিতে পারে না; আগ্রহীদের বিভিন্ন মান বিচার শেষে সরকারকে পরামর্শ দিয়ে থাকে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক অব নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের গচ্ছিত ১০ কোটি ডলার হ্যাকিংয়ের মাধ্যমে চুরির খবরটি গোপন রাখায় বাংলাদেশ ব্যাংকের কর্তাব্যক্তিদের উপর ক্ষুব্ধ ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে সোমবার মুহিত বলেছিলেন, বাংলাদেশ ব্যাংকে পরিবর্তন আসছে।
ওএফ





